করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৪, মৃত ৬


নতুন শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন ৩৭ জন, নারায়ণগঞ্জে ১৬ জন। বাকিরা অন্যান্য জেলার
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন।
শুক্রবার (১০ এপ্রিল) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় ১৭ টেস্টিং ল্যাবে ১১৮৪টি নমুনা পরীক্ষার পর এসব তথ্য উঠে এসেছে।
ডা. সেব্রিনা ফ্লোরা জানান, নতুন শনাক্ত হওয়া আক্রান্তদের ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ৩৭ জন, নারায়ণগঞ্জে ১৬ জন। বাকিরা অন্যান্য জেলার। 
ঢাকায় সর্বোচ্চ ৫ জন সংক্রমিত ব্যক্তি যাত্রাবাড়ি এলাকার।
গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা বলে জানান ডা. সেব্রিনা ফ্লোরা। তাদের ৫ জন পুরুষ ও একজন নারী।
মৃতদের দু'জনের বয়স ৩০ থেকে ৪০, দু'জন ৪০ থেকে ৫০, একজন সত্তরোর্ধ্ব ও অপরজনের বয়স নব্বইয়ের বেশি।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
এখন পর্যন্ত সারাদেশে সর্বমোট ৭,৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.