২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ল



এতে সাপ্তাহিক ছুটিসহ চলমান সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আরও সাত দিন বাড়ানোর কথা বিবেচনা করছে সরকার। এতে সাপ্তাহিক ছুটিসহ চলমান সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে। 
এর আগে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। দ্বিতীয় দফায় সেই ছুটি বাড়িয়ে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল করা হয়। পরবর্তীতে ছুটি আরও দুইদিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এতে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনও ছুটির আওতায় পড়ে। 
এদিকে, নতুন করে সাত দিন ছুটি বর্ধিত করায় ১৫ ও ১৬ এপ্রিল দুইদিনের পরই ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি। 
এরপর বর্ধিত আরও পাঁচদিন সাধারণ ছুটি কার্যকর হবে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। ফলে বর্ধিত সাধারণ ছুটির সঙ্গেই ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে। এতে চলমান সাধারণ ছুটি সাতদিন বর্ধিত করলে সেটি ২৫ এপ্রিল পর্যন্ত গিয়ে ঠেকছে।   
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ছুটি বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
আজ (শুক্রবার) বা আগামী কাল ঘোষণা আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সভার কোনো পূর্বনির্ধারিত সময়সূচি আজকে নেই।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

নতুন শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন ৩৭ জন, নারায়ণগঞ্জে ১৬ জন। বাকিরা অন্যান্য জেলার।
Blogger দ্বারা পরিচালিত.