সেপ্টেম্বরেই আসতে পারে করোনাভাইরাসের ভ্যাক্সিন
সারাহ বলেন, 'সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে চলতি শরতেই আমরা কিছু একটা প্রস্তুত করে ফেলবো'
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে তখন সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। সারাহ গিলবার্ট নামের ওই অধ্যাপক জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরেই পুরোপুরিভাবে প্রস্তুত হবে করোনাভাইরাসের ভ্যক্সিন।
সারাহ গিলবার্ট অক্সফোর্ডের ভ্যাক্সিনোলজির অধ্যাপক। সংবাদমাধ্যম দ্য টাইমসকে তিনি বলেন, তিনি ৮০ শতাংশ নিশ্চিত যে তার দলের অধীনে প্রস্তুত হতে যাওয়া এই ভ্যাক্সিন কাজ করবে। কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে সেটি মানুষের ওপর প্রয়োগ করা হবে। দ্রুত ভ্যাক্সিনটি উপযোগী করার জন্য তারা সপ্তাহে সাতদিন কাজ করছেন।
সারাহ বলেন, “এই ধরনের ভ্যাক্সিন আমরা অন্য যেসব জিনিসের ওপর প্রয়োগ করেছি, তার ওপর ভিত্তি করা আমার মনে হয়, এটি কাজ করার বিশাল সম্ভাবনা রয়েছে। আমি অন্ধকারে ঢিল ছুড়ছি না। প্রতি সপ্তাহ যাচ্ছে আর আমাদের কাছে আরও উপাত্ত আসছে। আমার মতে, আমরা ৮০ শতাংশ সফল।”
এই অধ্যাপক আরও বলেন, “সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে চলতি শরতেই আমরা কিছু একটা প্রস্তুত করে ফেলবো। তবে এটি যে কাজ করবেই তা এখনো কেউ নিশ্চিতভাবে প্রতিশ্রুতি দিতে পারবে না।”
অক্সফোর্ডের এমন আশার আলোর মধ্যেও অনেক গবেষক বলছেন যে, বাজারে সরবরাহের জন্য ভ্যক্সিন কার্যকরভাবে প্রস্তুত করতে এখনো এক বছর সময় লাগবে।
এদিকে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানির সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার (১১ এপ্রিল) সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে।
এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।